গাজীপুরে সাংবাদিকের উপর চাঁদাবাজদের হামলা

স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরে সাংবাদিকের উপর চাঁদাবাজদের হামলা।সংবাদ সংগ্রহ করতে আনোয়ার হোসেন সৌরভ (৩৫) নামে এক সাংবাদিক পুলিশের সামনেই চাঁদাবাজদের বেধড়ক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মারধরের ভিডিও ছড়িয়ে পড়ে। বুধবার বিকালে গাজীপুর মহানগরীর সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আনোয়ার হোসেন ‘দৈনিক বাংলাদেশের আলো’পত্রিকার গাজীপুরে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। এ ঘটনায় ওই সাংবাদিকের মা আনোয়ারা সুলতানা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৭-৮ জন চাঁদাবাজ আনোয়ারকে বেধড়ক পেটাচ্ছেন। একপর্যায়ে রাজধানীর মিটফোর্ডের ঘটনার মতো ইট দিয়ে তার মুখ ও মাথায় আঘাত করা হচ্ছে। এতে তার মুখ ও কপাল বেয়ে রক্ত বের হচ্ছে। পাশেই পুলিশ সদস্যরা রয়েছেন। পরে তারা ওই সাংবাদিককে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ওই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।’

শিরোনাম