আন্তর্জাতিক ডেস্কঃ
পদত্যাগ করলেন বৃটিশ মন্ত্রী রুশনারা আলী।যুক্তরাজ্যের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি এবং গৃহহীনতা বিষয়ক মন্ত্রী রুশনারা আলী তার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। পুরোনো ভাড়াটিয়া সরিয়ে ব্যক্তিগত একটি সম্পত্তির ভাড়া রাতারাতি ৭০০ পাউন্ড বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।
‘দ্য আই পেপার’ এর এক প্রতিবেদনে এই বিতর্ক শুরু হয়। এতে বলা হয়, রুশনারা আলী তার পূর্ব লন্ডনের একটি বাড়ির চার জন ভাড়াটিয়াকে তাদের লিজের মেয়াদ শেষ হওয়ার চার মাস আগে নোটিশ দেন। এরপরই ওই সম্পত্তিটি পুনরায় বিজ্ঞাপন দেওয়া হয় এবং তার পূর্বের ভাড়ার চেয়ে মাসিক ৭০০ পাউন্ড বেশি চাওয়া হয়। তার এই কাজের তীব্র নিন্দা জানান টোরি পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেইক। তিনি রুশনারার এই কাজকে ‘অবিশ্বাস্য ভণ্ডামি’ বলে মন্তব্য করেন, বিশেষ করে তার মন্ত্রীর পদমর্যাদার কথা উল্লেখ করে।
তবে রুশনারা আলীর একজন মুখপাত্র জানান, তিনি সব সময় প্রাসঙ্গিক আইনি বাধ্যবাধকতা মেনে চলেছেন। পদত্যাগপত্রেও তিনি এই দাবি পুনর্ব্যক্ত করেন।