অপরাধ কর্মকান্ডে ভাড়া দেয়া ১১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী
স্টাফ রিপোর্টারঃ
১১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।রাজধানীর নিউ মার্কেট এলাকার দোকান এবং গুদাম থেকে বিভিন্ন ধরনের ১১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।শনিবার ( ৯ আগস্ট) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ আর্মি ক্যাম্পের ‘ডেয়ারিং টাইগার্সের’ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম।
তিনি জানান, বেশ কিছুদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের উৎপাত বেড়েছে। বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এক ধরনের ধারালো ‘সামুরাই’ ছুরি উদ্ধার হয়েছে, যা আপনারা নিউজ মিডিয়া বা সাধারণ মানুষের ভিডিওকৃত সোশ্যাল মিডিয়ার ভাইরাল ক্লিপে দেখতে পেয়েছেন।
চলতি মাসে নিউজ মিডিয়ার মাধ্যমে আমরা খবর পাই যে কোনও একটি স্থান থেকে এ ধরনের ‘সামুরাই’ অস্ত্র সন্ত্রাসীদের কাছে ভাড়া ও বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে এই মাসে গ্রেফতারকৃত কয়েকজন সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদের সময় তারাও এই তথ্য আমাদের কাছে স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করি।