গাজীপুর প্রতিনিধিঃ
আট টুকরো লাশ উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচন।গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো পরিবহনশ্রমিক অলি মিয়ার (৩৫) আট টুকরো লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে র্যাব। স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য এবং লোকজন দিয়ে মারধর করার ক্ষোভে আপেল মাহমুদ ও সাজ্জাদ হোসেন রনি শ্বাসরোধে অলি মিয়াকে হত্যা করে। পরে লাশ আট টুকরো করে পলিথিনে মুড়িয়ে ট্রাভেল ব্যাগে ভরে টঙ্গীর স্টেশন রোডে ফেলে যায়। জিজ্ঞাসাবাদে অলি মিয়াকে হত্যার এমন বর্ণনা দিয়েছে আপেল মাহমুদ ও রনি।
রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। হত্যার ঘটনায় প্রধান আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব। নিহত অলি মিয়া নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
গ্রেফতারকৃতরা হলো,নরসিংদী সদরের করিমপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আপেল মাহমুদ সাদেক (৪২), তার স্ত্রী শাওন বেগম (৩২) ও একই গ্রামের মজনু মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন রনি (২৫)।