সিংগাইরের কৃতি সন্তান ও ডাকসুর প্রথম নারী ভিপি প্রফেসর মাহফুজা খানম আর নেই

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মানিকগঞ্জের সিংগাইরের কৃতি সন্তান ও ডাকসুর প্রথম নারী ভিপি প্রফেসর মাহফুজা খানম আর নেই। মঙ্গলবার(১২ আগস্ট) সকালে সবাইকে কাদিয়ে তিনি চলে যান না ফেরার দেশে। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।তিনি পরপারের সময় পরিবার-পরিজন ও অনেক গুণগাহী রেখে গেছেন।

জানা গেছে,মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পারিল গ্রামের কৃতিসন্তান, ডাকসুর সাবেক ভিপি, বিশিষ্ট শিশু-সংগঠক, সুজন- সুশাসনের জন্য নাগরিক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মাহফুজা খানম গতকাল (১২ আগষ্ট- মঙ্গলবার) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং একমাত্র নারী ভিপি) ১৯৬৬-৬৭)। তিনি শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২১ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পদক লাভ করেন।

তিনি ২০১২ সালে নারী শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য “বেগম রোকেয়া পদক” লাভ করেন। তিনি ২০১৩ সালের ২৬ আগস্ট ‘অনন্যা শীর্ষ দশ ২০১৩’ পুরস্কার ও সম্মাননা পান। এছাড়াও বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেল আর টিভি থেকে “জয়া আলোকিত নারী-২০১৭” পুরস্কার লাভ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিশুসংগঠন খেলাঘর আসরের চেয়ারপার্সন, ঢাকাস্থ মানিকগঞ্জ সমিতি, পেশাজীবি নারী সমাজ এবং বিশ্ব শিক্ষক ফেডারেশনসহ বেশ কয়েকটি সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ইতিহাস একাডেমির নির্বাহী কমিটির সহ-সভাপতি ছিলেন।
প্রফেসর মাহফুজা খানম মনিকগঞ্জ সরকারি মহিলা কলেজের ১৫তম অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।

মাহফুজা খানম ১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক লাভ করেন এবং ১৯৬৭ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ১৯৬৮ সালে লন্ডনের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান।
তিনি ৮ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে প্রখ্যাত আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদকে বিয়ে করেন। তাদের ঘরে দুই পুত্র ও এক মেয়ে সন্তান জন্ম নেয়।

সর্বসাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রফেসর মাহফুজা খানমের মরদেহ (১৩ আগষ্ট-বুধবার) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জাতীয় শহীদ মিনারে রাখা হবে। শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টায় নেওয়া হবে ঢাকসু ভবনে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

শিরোনাম