কুমিল্লা প্রতিনিধিঃ
১১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে বিএনপি’র সম্মেলন।কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় একদিনে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৫ ইউনিয়ন সম্মেলন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি’র সম্মেলনের জন্য বন্ধ করে দেয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের ভোলাইন বাজার স্কুল অ্যান্ড কলেজ, ভোলাইন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটতলী ইউনিয়নের বটতলী এম এ মতিন উচ্চ বিদ্যালয়, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বক্সগঞ্জ ইউনিয়নের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়, বক্সগঞ্জ আলিম মাদ্রাসা, বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোড্ডা পূর্ব ইউনিয়নের জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয়, জোড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোড্ডা বাজার সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা, জোড্ডা পশ্চিম ইউনিয়নের দুয়ারিয়া জা’মিউল উলূম কওমি মাদ্রাসা।
নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস বলেন, বিএনপি’র ইউনিয়ন সম্মেলন থাকায় প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে হয়েছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান কয়েক ঘণ্টা চালিয়ে ছুটি দিয়েছে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বলেন, বিষয়টি আমি অবগত নই। কোনো রাজনৈতিক সভার জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার সুযোগ নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।