ছাত্রদল নেতাকর্মীদের মারপিটে আহত অটোরিকশাচালকের মৃত্যু, ৩ জন বহিষ্কার
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ছাত্রদল নেতাকর্মীদের মারপিটে আহত অটোরিকশাচালকের মৃত্যু, ৩ জন বহিষ্কার।ময়মনসিংহের মুক্তাগাছায় ছাত্রদলের নেতাকর্মীদের পিটুনিতে আহত এক অটোরিকশাচালক মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের নাম মো. ফাহিম (৩০)। তিনি উপজেলার মানকোন ইউনিয়নের আলগীর চর গ্রামের বাসিন্দা। ওই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব হাসানের নেতৃত্বে ফাহিমকে মারধর করা হয়। এ ঘটনায় মামলার পর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও দুই কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন- মানকোন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সজীব হাসান এবং দুই কর্মী আবির ও মারুফ। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মনজুরুল হক আরিফ ও সদস্যসচিব আসাদ ফরাজী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশ মোতাবেক দলীয় শৃঙ্খলাভঙ্গ ও আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তিন জনকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।