ধানমন্ডির বত্রিশে আটক করা কারও সাথে আ.লীগের সংশ্লিষ্টতা মেলেনি

নিজস্ব প্রতিনিধিঃ
৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক ছয়জনের কারও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসময় বিভিন্ন সংস্থার গোয়েন্দা সদস্য ও পুলিশের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। বিকাল থেকে ৩২ নম্বর সড়কের দুইপাশে ব্যারিকেড বসানো হয়েছে। তবে এসব ব্যারিকেডের ভেতরে কোনও সাধারণ মানুষ যেতে না পারলেও পুলিশের পাশাপাশি ছাত্রদল, যুবদলসহ বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এসময় আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে অনেক মানুষকে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়। অনেককে ধাওয়া ও মারধর করতেও দেখা গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বিএনপির নেতাকর্মীরা ছাত্র শিবিরের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে দেন। রাত সাড়ে ৯টায় আরও দুই জনকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্দেহে আটক করা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে আরও আটক করা হয় একজনকে। শুক্রবার সকাল থেকে আরও দুই জনকে আটক করে পুলিশে দেওয়া হয়। আটক করার সময় জনতা ‘মব’ তৈরি করে মারধরও করতে দেখা গেছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেছেন, “আটককৃত কারোরই আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।”

শিরোনাম