বিএনপি নেতাকে গলা কেটে হত্যাচেষ্টা যুবদল কর্মীর

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে দখল-চাঁদাবাজির প্রতিবাদ করায় সাহাব উদ্দিন (৫০) নামে বিএনপির এক নেতাকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে যুবদলের কর্মীর বিরুদ্ধে। তাকে মুমূর্ষু অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) বিকালে উপজেলার বসুরহাটে হাসপাতাল রোড়ে এ ঘটনা ঘটে। সাহাব উদ্দিন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাফেজ আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে চরএলাহী ইউনিয়ন যুবদলের সদস্য ইব্রাহিম, ইসমাইল, সাব্বির ও বাহাদুরসহ ১০-১৫ জন হামলা চালিয়ে বিএনপি নেতা সাহাব উদ্দিনকে ক্ষুর (ধারালো ছুরি) দিয়ে গলা কাটার চেষ্টা করে। এ সময় বাঁচাতে গেলে তার প্রবাসী ভাই বেলাল হোসেনকেও (৩৭) আহত করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মাদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে পুলিশ দায়ী ব্যক্তিদের ধরতে অভিযানে নেমেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিরোনাম