চট্টগ্রামে সিটি গেটে দুর্ঘটনায় ৫ জন নিহত,এলাকায় শোকের ছায়া
স্টাফ রিপোর্টঃ
সিটি গেটে দুর্ঘটনায় ৫ জন নিহত,এলাকায় শোকের ছায়া। চট্টগ্রামের সিটি গেট এলাকায় সোমবার (১৮ আগস্ট) ভোরে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ জন। নিহতদের মধ্যে একজন জুয়েল দাস (১৮)। তিনি ছিলেন মা–বাবার একমাত্র সন্তান। হঠাৎ এমন দুর্ঘটনায় জুয়েলকে হারিয়ে ভেঙে পড়েছেন তার বাবা–মা ও স্বজনরা।
নিহতের মা লিমা দাস বলেন, আমার ছেলে জুয়েল দাস রবিবার রাতে ফৌজদারহাটে মনসা পূজায় গিয়েছিল। সঙ্গে তার আরও কয়েকজন বন্ধু ছিল। পূজা শেষে সোমবার ভোরে বাড়িতে ফিরছিল। ফৌজদারহাট থেকে ওই পিকআপে ওঠে। এরমধ্যে পথে এ দুর্ঘটনা ঘটেছে। আমার ছেলে মারা গেলেও তার বন্ধুরা আহত হলেও বেঁচে আছে।
নিহতরা হলেন, সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহাগ (৩২), সীতাকুণ্ড বার আউলিয়ার দক্ষিণ সেনাইছড়ি শীতলপুর এলাকার সুবল দাসের ছেলে জুয়েল দাস (১৮), সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার উত্তর সলিমপুর জেলে পাড়া এলাকার বালি দাসের ছেলে আকাশ দাস (২৬), একই এলাকার কমল হরি দাসের ছেলে রনি দাস (২৫) ও কালাবাসী দাসের ছেলে অজিত দাস (২৪। এর মধ্যে সোহাগ পিকআপ চালক।
এ ঘটনায় আহতরা হলেন- কপিল দাস (১৮, অগ্নি দাস (১৮) ও দিপু দাস (৩২)। আহত অপরজনের নাম পাওয়া যায়নি।