কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
হোসেনপুরে বিএনপির সম্মেলনে হট্টগোল, অধিবেশন স্থগিত। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন শেষ পর্যন্ত বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হয়েছে। ফলে ২২ বছর পর আয়োজিত এই সম্মেলনে করা যায়নি কমিটি গঠন। দলের দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান, হুঙ্কার, হট্টগোল ও উত্তেজনায় অস্থির হয়ে ওঠে পরিবেশ। সম্মেলনের প্রথম অধিবেশন কোনও রকমে শেষ হলেও দ্বিতীয় অধিবেশন স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে হোসেনপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজন করা হয় সম্মেলন। উপজেলা আহ্বায়ক কমিটি এ আয়োজনের দায়িত্বে ছিল। প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি শরীফুল আলম। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। এতে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন।