পাবনায় চোর ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

পাবনা প্রতিনিধিঃ
চোর ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের। পাবনার আটঘরিয়ায় চোরদের হামলায় আসাদ হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর আসাদের ঘরের জানালা দিয়ে চোরের একটি দল মোবাইল ফোন চুরি করে পালানোর চেষ্টা করছিল। এ সময় আসাদের স্ত্রী চিৎকার করলে তিনি দ্রুত গিয়ে এক চোরকে ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে চোর দলের অন্য সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে চোরের দলের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক যুবকের নাম সজীব, তার বাড়ি একই উপজেলার সোনাকান্দর গ্রামে।

শিরোনাম