মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
মেহেরপুর প্রতিনিধিঃ
সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত থেকে ইকবাল হোসেন (৩৮) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনস্থ কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩২/১৫-আর-এর নিকট থেকে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ। ইকবাল হোসেন একই উপজেলার কুতুবপুর গ্রামের জারাবাত হোসেনের ছেলে।
জানা গেছে, ইকবাল বৃহস্পতিবার দুপুরে কুতুবপুর মাঠে ঘাস কাটতে যায়। ঘাস কাটার সময় সীমান্ত পিলার ১৩২/১৫-আর-এর শূন্যরেখা অতিক্রম করে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। ইকবাল হোসেন বর্তমানে বিএসএফ হাতিশালা ক্যাম্পের হেফাজতে রয়েছে।