মসজিদে চুরির অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা
ময়মনসিংহ প্রতিনিধিঃ
মসজিদে চুরির অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।। ময়মনসিংহের ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে রানা মিয়া (৩৫) নামে এক যুবক ধরা পড়ে মানুষের পিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) ভোরে ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে এই ঘটনা ঘটে। নিহত রানা মিয়া জেলার সদর উপজেলার পরাণগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামর আমছর আলীর ছেলে।
জানা যায়, ওই মসজিদে আগে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। সোমবার ভোরে আবারও চুরি করতে এলে স্থানীয়রা টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে মসজিদ কমিটির সেক্রেটারি সাইফুল ইসলাম মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করেন। এতে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে রানা মিয়াকে গণধোলাই দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ জানান, রানার নামে বিভিন্ন থানায় চুরি-ছিনতাইসহ পাঁচ মামলা রয়েছে। এর মাঝে তারাকান্দা থানায় একটি, ময়মনসিংহ কোতোয়ালি থানায় তিনটি ও গাজীপুরের জয়দেবপুর থানায় একটি মামলা রয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।