টাঙ্গাইল প্রতিনিধিঃ
না পারলে দায়িত্ব ছেড়ে দেন। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ‘২৪-এর অবদান আমাদেরও কম নাই। ২৫ বছর আমরা শেখ হাসিনার অবস্থা, কাজকর্ম নিয়ে যে সমালোচনা করেছি সেটা বৈষম্যবিরোধী নেতারা করেনি। দেশে মব সৃষ্টি করা, দেশকে অরাজক করা, দেশের আইনশৃঙ্খলার পতন ঘটানো, আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দেন। ১২-১৩ জন ছেলে গিয়ে ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে নাচানাচি করছে। এটা ভালো কথা না। তাকে পাগল বলবেন সে কিচ্ছু বলবে না, এটা হয়? ছাত্র আন্দোলনে তার যথেষ্ট অবদান আছে। আজকাল যারা কথা বলছেন তাদের কথায় কোনও শালীনতা নেই। এটা সামাজিক অবক্ষয়। এখান থেকে যদি আমরা দেশকে ফেরাতে না পারি তাহলে এটা জঙ্গলের দেশ হবে।’
তিনি বলেন, ‘আজকের এই ঘটনায় মঞ্চ ৭১-এর শ্রোতা এবং যারা বক্তা ছিলেন- কম বেশি সবাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। তাদের সসম্মানে মুক্তি দেওয়া হোক। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে আমি এটা আশা করবো।’