লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেফতারে বৃটিশ সাংবাদিক বার্গম্যানের সমালোচনা
আন্তর্জাতিক ডেস্কঃ
লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেফতারে বৃটিশ সাংবাদিক বার্গম্যানের সমালোচনা।বাংলাদেশের সাবেক মন্ত্রী ও ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাবেক সদস্য লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করার সমালোচনা করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। এই পদক্ষেপের সঙ্গে জড়িত ব্যক্তিরা দেশ বা বর্তমান সরকারের স্বার্থে কাজ করছে না বলেও মন্তব্য করেন তিনি। নিজের ফেসবুক প্রোফাইলে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) মঞ্চ ৭১ নামের একটি সংগঠনের সভা থেকে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, দেশকে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছিলেন তারা। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে বার্গম্যান বলেন, সভার বক্তব্যে কোনও গোষ্ঠীর ভিন্ন মত বা কারও দৃষ্টিতে উসকানিমূলক মনে হলেও, গ্রেফতার ব্যক্তিরা কোনও ফৌজদারি অপরাধ করেননি।