জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ,আহত রাশেদ খানসহ একাধিক, সেনা মোতায়েন
সংবাদ জমিন রিপোর্টঃ
জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ,আহত রাশেদ খানসহ একাধিক, সেনা মোতায়েন। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রথমে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে বিজয়নগর হয়ে দলীয় মিছিল কাকরাইলের দিকে যাচ্ছিল। এ সময় জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনার সময় আতঙ্কে পথচারীরা ছোটাছুটি করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উভয়পক্ষের কর্মীদের নিবৃত করার চেষ্টা করে। পরবর্তী সময়ে পুলিশে সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা যুক্ত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।