সাতক্ষীরায় ডিসি বাংলোর দেয়াল থেকে মুছে ফেলা হলো ‘জুলাইয়ের গ্রাফিতি’
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরায় জেলা প্রশাসকের বাংলোর দেয়াল থেকে ‘জুলাই আন্দোলন’ স্মৃতিবাহী গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। এতে শিক্ষার্থীসহ সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পোস্ট অফিস ও ফুড অফিস সংলগ্ন ডিসি বাংলোর দীর্ঘ দেয়ালজুড়ে সম্প্রতি সাদা রঙ করে মুছে ফেলা হয়েছে জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে আঁকা নানা গ্রাফিতি। এসব দেয়ালে শিক্ষার্থীরা লিখেছিলেন, স্বৈরাচারবিরোধী স্লোগান, ভালোবাসা ও মানবতার জয়ধ্বনি।
তাদের আঁকা গ্রাফিতিতে ছিল‘ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর’, ‘স্বাধীনতার সূর্যোদয়, রক্তে রাঙা শিকল ভাঙা’, ‘পানি লাগবে পানি’ ‘৩৬-শে জুলাই’ ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ এসব চিত্র ও স্লোগান শুধু দেয়ালকে নতুন রূপ দেয়নি, বরং শিক্ষার্থীদের স্বপ্ন, সাম্য ও বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বানও প্রকাশ করেছিল।