রংপুরে জাপার কার্যালয়ে হামলা হলে হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে: মোস্তাফিজার রহমান
রংপুর প্রতিনিধিঃ
ঢাকায় জাতীয় পার্টির (জাপা) ‘নেতাকর্মীদের ওপর হামলার’ প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন দলের নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরের সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ের সামনে শতাধিক নেতাকর্মীকে বসে থাকতে দেখা যায়। পাশাপাশি দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের ওপর যেকোনো ধরনের হামলা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন তারা।
দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে রংপুরে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা। এ সময় মোস্তাফিজার রহমান ছাড়াও দলের মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলার আহ্বায়ক আজমল হোসেন লেবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তারা ঘোষণা দিয়েছেন আগামী ২৪ ঘণ্টা এখানে অবস্থান করবেন।