ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
রুমিন ফারহানার এলাকায় এসেছি।তিনি আমাদের জন্য উপহার পাঠিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রুমিন ফারহানার এলাকায় এসেছি, তিনি আমাদের জন্য উপহার পাঠিয়েছেন। এটি রাজনীতির জন্য পজিটিভ।
শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় নাগরিক পার্টির এক উঠান বৈঠকে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে উপজেলা জাতীয় নাগরিক পার্টির এ উঠান বৈঠক হয়।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, রুমিন ফারহানা অনেকদিন ধরে রাজনীতি করছেন, আমাদের সঙ্গে একটা বিষয়ে মনোমালিন্য হয়েছে। আমরা তার এলাকায় আসছি শুনে তিনি তার লোকজন পাঠিয়েছেন। আমাদের কোনও সমস্যা হচ্ছে কিনা খবর নিয়েছেন। আমাদের জন্য তিনি কিছু উপহারও পাঠিয়েছেন। এটি রাজনীতির জন্য একটি পজিটিভ বার্তা। এটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। আমরা তার উপহার সাদরে গ্রহণ করেছি।
তিনি বলেন, কেউ যদি আমাদের আক্রোশ পূর্ণভাবে কথা বলে আমরা গণতান্ত্রিক উপায়ে জবাব দেবো। আমরা এমন কোনও পরিস্থিতি তৈরি করবো না যার মধ্য দিয়ে বিভাজন তৈরি হবে।