বগুড়া প্রতিনিধিঃ
হাত-পা বেঁধে শ্বাসরোধ করে নারী খুন। বগুড়ার সারিয়াকান্দিতে শাহিনুর বেগম (৪৭) নামে এক নারীকে হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দিনের কোনও একসময় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাতান গ্রামের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘাতকরা ঘরের জিনিসপত্র তছনছ করেছে। রাত সাড়ে ৯টায় এ খবর পাঠানোর সময় সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাতান গ্রামের শাহিনুর বেগমকে তার স্বামী আমিরুল ইসলাম ভেলু তালাক দেন। তার এক ছেলে ও এক মেয়ে। ছেলে আল আমিন সৌদি আরবে চাকরি করেন। মেয়ের বিয়ে হয়েছে, তিনি ঢাকায় স্বামীর সঙ্গে থাকেন। ওই নারী বাড়িতে একাই বসবাস করতেন। সোমবার সারা দিন তাকে দেখতে না পেয়ে রাত ৮টার দিকে বোন শিউলী বেগম বাড়িতে আসেন। তিনি দেখেন বাড়ির বাইরের দরজায় ছিটকিনি লাগানো। ছিটকিনি খুলে ঘরে ঢুকে মেঝেতে কাপড় দিয়ে হাত-পা বাঁধা ও মুখে গামছা গুঁজে দেওয়া লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানিয়েছেন, বাড়িতে একা বসবাসকারী ওই নারীকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।