মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত হলো পুলিশ কনস্টেবল
সংবাদ জমিন রিপোর্টঃ
কিশোর গ্যাংয়ের হামলায় আহত হলো পুলিশ কনস্টেবল। রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় আল-আমিন নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আদাবরের সুনিবিড় হাউজিংয়ের একটি গ্যারেজে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অভিযান চালাতে যায় আদাবর থানা পুলিশের একটি টিম। এ সময় কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। সড়কে দাঁড়িয়ে পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে কনস্টেবল আল-আমিনকে কুপিয়ে গুরুতর জখম করে।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘সোমবার রাতে ৯৯৯-এ সংবাদ আসে আদাবরে একটি গ্রুপ এক ব্যক্তিকে আটক রেখেছে। পরে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে একটি বাড়িতে অভিযান চালালে সংঘর্ষ বাঁধে। এ সময় আরেকটি সন্ত্রাসী গ্রুপ নিচে গাড়িতে থাকা কনস্টেবল আল-আমিনকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।’