বেড়িবাঁধের পাশ থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ

সাতক্ষীরা প্রতিনিধিঃ
বেড়িবাঁধের পাশ থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার। সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বেড়িবাঁধের পাশ থেকে বিজন কুমার দে (৬২) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া চুমুরিয়া গ্রামের পাউবোর বেড়িবাঁধের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বিজন কুমার দে বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের মৃত ভঞ্জন কুমার দে’র ছেলে। তিনি চিংড়ি রেণুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার দুই পায়ে আঘাতের চিহ্ন আছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। দুই পায়ে আঘাতের চিহ্ন আছে। নিহতের ছেলে প্রণব দে বাদী হয়ে মামলা করবেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দেখছি আমরা।’

শিরোনাম