কুড়িগ্রাম প্রতিনিধিঃ
অর্ধশত বছরের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম সাধারণ পাঠাগারের ‘দখলদারত্ব, অনিয়ম ও ধ্বংসযজ্ঞ’ বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কুড়িগ্রামের ১৯টি সাংস্কৃতিক, সাহিত্য, বিজ্ঞান ও নাগরিক সংগঠন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রামের জেলা প্রশাসক ও পাঠাগারের সভাপতি সিফাত মেহনাজের হাতে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
হিজিবিজি, কুড়িগ্রাম সাহিত্য সভা, অনুশীলন, কুড়িগ্রাম বিজ্ঞান ক্লাব, ডিবেট কুড়িগ্রাম, পরিবেশ বীক্ষণ, সাংস্কৃতিক ইউনিয়ন, প্রীতিলতা ব্রিগেড, পদ্মকলি খেলাঘর আসর, এনসিটিএফ, ওয়াইসিএস, প্রথম আলো বন্ধুসভা, সারথী, জুভেন্স রাইট নেট, চর মিউজিয়াম, জেএফসিএলআর, ইয়োথনেট, বসুন্ধরা শুভ সংঘ ও এসিএমও—এই ১৯টি সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনগুলোর অভিযোগ, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কুড়িগ্রাম সাধারণ পাঠাগারটিতে বর্তমানে বই পড়ার কোনও পরিবেশ নেই। পাঠাগারটি রাজনৈতিক প্রভাব এবং ব্যক্তিস্বার্থে ব্যক্তিগত রিডিং রুম ও কোচিং সেন্টারে পরিণত হয়েছে। ফলে জেলার সাধারণ পাঠক ও হাজারো শিক্ষার্থী পাঠাগারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে সাধারণ পাঠক ও শিক্ষার্থীদের প্রবেশ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। অনিয়ম ও দখলদারত্ব বন্ধ করে পাঠাগারটি সাধারণ পাঠক ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনগুলো।