কিশোরগঞ্জে শিক্ষককে মারধর,প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
শিক্ষককে মারধর,প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজে দীন ইসলাম নামে এক আইসিটি প্রভাষকের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ এবং পৌর শহরের গুরুত্বপূর্ণ চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে ওই শিক্ষক হামলার শিকার হন। দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সড়ক অবরোধের ফলে প্রায় সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের সভাকক্ষে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে ভোকেশনাল শাখার শিক্ষক মোবারক হোসেনের সঙ্গে একই কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক দীন ইসলামের বাগবিতণ্ডা হয়। পরে সভা শেষ করে মাঠে এলে একদল বহিরাগত প্রভাষক দীন ইসলামের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। এ ঘটনায় শিক্ষার্থীরা প্রাক-নির্বাচনি পরীক্ষা বর্জন করে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কলেজ থেকে বের হয়ে উপজেলার চৌরাস্তা মোড়ে অবস্থান নেন এবং দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষজন।

শিরোনাম