নিজগৃহে মিললো স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ

বরগুনা প্রতিনিধি
নিজগৃহে মিললো স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ। বরগুনায় নিজগৃহে স্বপন মোল্লা (৩০) ও আকলিমা (২৬) নামের দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামীর ঝুলন্ত ও স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবারিয়া নামক এলাকার মোল্লাবাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত স্বপন মোল্লা একই এলাকার খালেক মোল্লার ছেলে ও আকলিমা মৃত স্বপন মোল্লার স্ত্রী। তাদের ঘরে সাদিয়া (৬) ও আফসানা (৯ মাস) নামের দুটি কন্যাসন্তান রয়েছে।

জানা যায়, স্বপন ও আকলিমা দম্পতির মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা চলে আসছে। আজ সকালে মেয়েদের চিৎকার শুনে ঘরে গিয়ে দেখা যায়, স্বপন ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। অন্যদিকে স্বপনের স্ত্রী আকলিমার গলাকাটা মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে প্রাথমিক পর্যায়ে ধারণা করা যায়, পারিবারিক কলহে এমন ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং পরবর্তীতে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।’

শিরোনাম