৪০ দিন নগর ভবনে না আসলেও কর্মকর্তাদের তেল খরচ ৫ কোটি টাকা!
সংবাদ জমিন রিপোর্টঃ
৪০ দিন নগর ভবনে না আসলেও কর্মকর্তাদের তেল খরচ ৫ কোটি টাকা! বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত ১৪ মে থেকে শুরু হয় আন্দোলন; চলে ২২ জুন পর্যন্ত। এ সময় টানা ৪০ দিন নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এই ৪০ দিন কার্যত কোনও কর্মকর্তাই নগর ভবনে আসনেনি। কিন্তু এ সময়ও ডিএসসিসি কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়ির বিপরীতে স্বাভাবিক সময়ের মতো তেল খরচ দেখিয়ে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
গাড়ির জ্বালানি খাতে অনিয়ম ও আত্মসাতের এই অভিযোগ ওঠার পর নগর ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম ডিএসসিসি ভবনে অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আকতারুল ইসলাম।