নারায়ণগঞ্জে ‘কিশোর গ্যাং’লিডারকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
‘কিশোর গ্যাং’লিডারকে ছুরিকাঘাতে হত্যা। নারায়ণগঞ্জের ফতুল্লায় চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ইভানকে (২৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামের কাছাকাছি স্থানে ইভানকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইভানের ভাই মাহিয়ান দাবি করেন, ‘আমার ভাই ইন্টারনেট ব্যবসা করতো। শফিকুল, সাইফুল ও বাবু ওরা আপন তিন ভাই ও এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। ওরা চাঁদাবাজি করতো। গত রমজানের সময় একটি ভবনে চাঁদা নিতে গেলে আমার ভাই (ইভান) তাদের বাধা দেয়। সেখান থেকেই ওদের সঙ্গে শত্রুতা। এর জেরে ওরা তিন জনসহ আরও কয়েকজন মিলে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে।’

হত্যার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।’

শিরোনাম