বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
দুই দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী। যশোরের শার্শা উপজেলার বেনাপোলে মাকে পিটিয়ে জখম করে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের দুই দিন পরও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীর মা তিন জনের নামে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করেছেন। তবে পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, অর্ধবার্ষিক পরীক্ষা শেষে স্কুল থেকে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরছিলেন মা। সে সময় বেনাপোল দীঘিরপাড় গ্রামের সেলিম হোসেনের ছেলে সুমন হোসেন, তার বন্ধু কাগমারী গ্রামের হাবুর ছেলে জিসান, ভবারবেড় গ্রামের নাইমুরসহ ১০ থেকে ১২ জন চার-পাঁচটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার নিয়ে তাদের পথরোধ করে। জিসান ও নাইমুর মেয়ের মাকে বেদম মারধর করে মারাত্মক জখম করে। সুমন অস্ত্রের মুখে মেয়েটিকে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। এ সময় মায়ের চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়।