সিংগাইরে পুলিশ ফাঁড়ির নিকটে চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ ফাঁড়ির নিকটে চালককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ফাঁড়ির নিকটে কিভাবে দুর্ধর্ষ ঘটনা ঘটলো তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

জানা গেছে,বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে পিরোজপুরের নেছারাবাদ থানার সোহাগদল গ্রামের মো. মান্নান মিয়ার ছেলে কামরুল হাসান (৩৪) এর মোটরসাইকেলযোগে মিরপুর-২ থেকে ৬০০ টাকা ভাড়ায় অজ্ঞাতনামা এক যাত্রীকে সিংগাইর উপজেলার ধল্লা ব্রিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেরটি উপজেলার ধল্লা পুলিশ ফাঁড়ির কাছাকাছি ফোর্ডনগরে কাইফ এগ্রোর সামনে পৌঁছলে অজ্ঞাত ঐ যাত্রী কামরুলকে কুপিয়ে জখম করে এবং তার ঢাকা মেট্রো-ল-৪২-৩৫৩০ নম্বর মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম সংবাদ মাধ্যমকে জানান, অভিযোগ পাওয়া গেছে। তবে ধারালো অস্ত্র নয়, হেলমেট দিয়ে তাকে আঘাত করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিরোনাম