কোহিনূর ইসলাম রাব্বিঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে একটি ভুয়া এজেন্ট ব্যাংক গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে,উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বাজারে অগ্রণী ব্যাংকের অনুমোদিত এজেন্ট পরিচয় দিয়ে অগ্রণী এজেন্ট লিমিটেড নামে ভুয়া এজেন্ট ব্যাংক পরিচয়ে অফিস ভাড়া নেয়।এরপর শুরু হয় প্রতারণার খেলা।ভুয়া এনজিওর অফিস কর্মকর্তারা প্রায় দুই শতাধিক গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেয় ৫০ লক্ষ টাকা। গ্রাহকরা টাকা জমা রেখে টাকা উঠানোর সময় দেয়-দিচ্ছি শুরু করে।এতে সন্দেহ দানা বাধে।এক পর্যায়ে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে উঠে এবং ঐ অফিসে হানা দেয়।আটক করে মাহমুদুল ও জান্নাতুল নামে দুই মাঠ কর্মীকে।পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
অগ্রণী ব্যাংকের বাস্তা শাখার ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, অগ্রণী এজেন্ট লিমিটেড নামে আমাদের কোন এজেন্ট ব্যাংক নেই।ওসি জে ও এম তৌফিক আজম জানান,দুইজনকে আটক করা হয়েছে।এ ব্যাপারে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।