বিয়েতে বাধা দেওয়ায় প্রেমিকের হাতে প্রেমিকা খু*ন, গ্রেফতার-৩
সংবাদ জমিন রির্পোটঃ
বিয়েতে বাধা দেওয়ায় প্রেমিকের হাতে প্রেমিকা খুন, গ্রেফতার-৩। ঢাকার কদমতলীতে প্রেমিকাকে বাদ দিয়ে অন্য নারীকে বিয়ে করতে চাওয়ায় চাপ দেওয়ার জেরে রোকসানা (৩০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও তিন জনকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন,এলাহিন ওরফে এলাহি ওরফে ইব্রাহিম (৪২), সুমি আক্তার (৩২) ও সাইফুল ইসলাম (২৪)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে কদমতলীর জুরাইন বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ হাজী লাল মিয়া সড়কের পাশে একটি বস্তা থেকে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট শাখার মাধ্যমে আঙুলের ছাপ সংগ্রহ করে ভিকটিমের পরিচয় শনাক্ত করা হয়।
নিহত রোকসানার সঙ্গে সাইফুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। পরে সাইফুল অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুললে রোকসানা বাধা দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাইফুল, তার বোন সুমি আক্তার ও দুলাভাই এলাহি ইব্রাহিম পরিকল্পনা করে রোকসানাকে হত্যা করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।