স্টাফ রিপোর্টারঃ
সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত-৩। চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভার সোনাই বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বউ-শ্বাশুড়িসহ তিন জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরও একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামিমা আকতার (৪২) এবং ওষুধ কোম্পানি অপসোনিনের এমআর মো. শরীফ (৩০)। শরীফের বাড়ি ময়মনসিংহ জেলায়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম বলেন, ‘দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। আরও ৮-১০ জন আহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি ও ঘাতক ঈগল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’