গোপালগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসি-পুলিশ সদস্যসহ আহত- ২০
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
তুচ্ছ ঘটনার জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসি-পুলিশ সদস্যসহ আহত- ২০। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব কেনা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর পাটগাতি বাসস্ট্যান্ডে ডাব কেনা নিয়ে শ্রীরামকান্দি গ্রামের নান্নু (৪৫) ও হোসাইনের (৫৫) সঙ্গে পাটগাতি সরদারপাড়া গ্রামের জিয়ারুলের (১৮) বাগবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার জন্য রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে স্থানীয় মুরুব্বিদের উদ্যোগে সালিশ বসে। সালিশের শেষ পর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তেজনায় রূপ হয়।
এরপর সন্ধ্যা ৬টার দিকে দুই গ্রামের লোকজন টুঙ্গিপাড়া পৌরসভার মাল্টিপারপাস মার্কেটের সামনে দেশীয় অস্ত্র, ইটপাটকেল নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষ ও পুলিশের চার সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত সাবেক কাউন্সিলর রাকিবকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় মানিক মিয়া সুপার মার্কেটের অন্তত ১০টি দোকান ভাঙচুর করা হয়।