বগুড়ায় স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হ*ত্যা করে প্রবাসীর বাড়ি লুটপাট
বগুড়া প্রতিনিধিঃ
স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করে প্রবাসীর বাড়ি লুটপাট। বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তরা কুয়েতপ্রবাসীর বাড়িতে ঢুকে লুটপাটের পর তার স্ত্রী ও কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতের কোনও একসময় উপজেলার সদর ইউনিয়নের সাদুল্যাপুর বটতলা গ্রামের বাড়িতে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদুল্যাপুর বটতলা গ্রামের কুয়েতপ্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও তার ছেলে বগুড়ার নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্র ইমরান হোসেন (১৮)।
জানা যায়, ইদ্রিস আলী প্রায় আট বছর ধরে কুয়েতে চাকরি করেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে-মেয়ে থাকেন। মেয়ে লেখাপড়ার জন্য বর্তমানে বগুড়া শহরে থাকেন। ছেলে কলেজছাত্র ইমরান হোসেনকে নিয়ে মা রানী বেগম বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়িতে কাজ করার জন্য রাজমিস্ত্রি এসে ডাকাডাকি করে তাদের কোনও সাড়া পাননি। এরপর প্রতিবেশীরা এসে ডাকাডাকি করতে থাকেন। পরে জানালা দিয়ে ঘরের মধ্যে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হোসাইন মোহাম্মদ রায়হান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে পরিচিতরা বাড়িতে ঢুকে মা ও কলেজছাত্র ছেলেকে কুপিয়ে হত্যার পর মোটরসাইকেল নিয়ে গেছে।