সিলেট প্রতিনিধিঃ
জাফলংয়ে নিখোঁজ পর্যটকের ভাসমান লাশ মিললো পানিতে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজ পর্যটক আবু সুফিয়ানের (২৬) মরদেহ এক সপ্তাহ পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় ওই পর্যটকের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার এবং এটি সুফিয়ানের মর্মে শনাক্ত করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আবু সুফিয়ান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন।’