১০ টাকায় ইলিশ দিতে না পেরে এলাকা ছাড়লেন এমপি প্রার্থী!
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
১০ টাকায় ইলিশ দিতে না পেরে এলাকা ছাড়লেন এমপি প্রার্থী। ফরিদপুরের সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রায়হান জামিল নামের এক ব্যক্তি। কিন্তু বিতরণের জন্য যে পরিমাণ মাছ তিনি এনেছিলেন, তার থেকে লোকসংখ্যা কয়েক গুণ বেশি হয়। সবাইকে মাছ দিতে না পেরে বিক্ষোভের মুখে ‘মাফ চেয়ে’ এলাকা ছাড়েন তিনি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। রায়হান জামিল ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে এলাকায় প্রচারণা চালাচ্ছেন। এরই অংশ হিসেবে ‘জনগণের মন জয় করার জন্য’ ১০ টাকায় ইলিশ মাছ বিক্রির উদ্যোগ নিয়েছিলেন। এর আগে দুই টাকা কেজিতে চাল বিতরণ করেছিলেন এলাকার গরিব মানুষের মাঝে। এসব কর্মকাণ্ডে বেশ আলোচনায় আসেন।