হেলিকপ্টারে গাইবান্ধায় পারিবারিক কবরস্থানে খুবি শিক্ষার্থী রিংকীর দাফন সম্পন্ন
গাইবান্ধা প্রতিনিধিঃ
হেলিকপ্টারে গাইবান্ধায় পারিবারিক কবরস্থানে খুবি শিক্ষার্থী রিংকীর দাফন সম্পন্ন। খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর মরদেহ তার গ্রামের বাড়ি গাইবান্ধায় পৌঁছেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টা ২০ মিনিটে মরদেহ বহনকারী হেলিকপ্টারটি পলাশবাড়ীর হাসবাড়ী স্কুল মাঠে অবতরণ করে। এ সময় মরদেহ গ্রহণ করেন রিংকীর পরিবার ও আত্মীয়স্বজন। পরে অ্যাম্বুলেন্সে মরদেহটি তার ভবানীপুর গ্রামের বাড়িতে নেওয়া হয়। সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
মরদেহ গ্রহণের সময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও জানান, মরদেহ গ্রামে পৌঁছানোর পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে, বুধবার দুপুরে রাঙামাটির সাজেকে চান্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে রিংকী নিহত হন। এই দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী আহত হন। নিহত ও আহত শিক্ষার্থীরা সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ি সেনানিবাস থেকে মরদেহটি হেলিকপ্টারে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয়।