চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে দুই ভাইকে কুপিয়ে হ*ত্যা করলো দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিনিধিঃ
পূর্বশত্রুতার জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ববিরোধের জেরে আপন দুই ভাইকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের একদল দুর্বৃত্ত। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার উথলী গ্রামের ব্রিজ মাঠে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই আনোয়ার হোসেন মিন্টা ও মো. হামজা। তারা ওই গ্রামের বড় মসজিদপাড়ার মৃত ক্ষুদে মণ্ডলের ছেলে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, সকালে নিজেদের কৃষিকাজের উদ্দেশে ব্রিজ মাঠে যান মিন্টা ও হামজা। সে সময় আগে থেকে ওত পেতে থাকা ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীরা দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান হামজা। এ সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মিন্টাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তারও মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। হামলাকারীরা ঘটনার পরপরই পালিয়ে গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।’