ভাঙ্গায় সহিংসতার ঘটনায় এবার উপজেলা প্রশাসনের মামলার প্রধান আসামি নিক্সন চৌধুরী
ফরিদপুর প্রতিনিধিঃ
ভাঙ্গায় সহিংসতার ঘটনায় এবার উপজেলা প্রশাসনের মামলার প্রধান আসামি নিক্সন চৌধুরী। ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ সংসদীয় আসনে জুড়ে দেওয়ার প্রতিবাদে ভাঙ্গা উপজেলা পরিষদ কমপ্লেক্স, থানা ও হাইওয়ে থানাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা এবারের মামলাতেও ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলার সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সৌমেন্দ্র নাথ সরকার মামলাটি করেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে পুলিশ। মামলায় নিক্সন চৌধুরীসহ ২৭ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এর মধ্যে ২ নম্বর আসামি হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়া। ৩ নম্বর আসামি করা হয়েছে শিবচর উপজেলার চর দত্তপাড়া মহল্লার মনির চৌধুরীকে। মনির চৌধুরী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং মাদারীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি নিক্সন চৌধুরীর চাচাতো ভাই। এ ছাড়া অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়।