চাঁদা না পেয়ে ১৬টি গাড়ি ভাঙচুর, যুবদল নেতা মাসুদ আটক
ফরিদপুর প্রতিনিধিঃ
চাঁদা না পেয়ে ১৬টি গাড়ি ভাঙচুর, যুবদল নেতা মাসুদ আটক। ফরিদপুর সদর উপজেলায় চাঁদা না পেয়ে মাহিন্দ্রা স্ট্যান্ড দখলে নিতে হামলা চালিয়ে ১৬টি মাহিন্দ্রা ভাঙচুরের ঘটনায় জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমান ও তার সহযোগী আনন্দ শুভ্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের ওয়্যারলেস পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে ফরিদপুর জেলা মাহিন্দ্রা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় যুবদল নেতা মাসুদুর রহমানকে ৬ নম্বর এবং আনন্দ শুভ্র রায়কে ৭ নম্বর আসামি করা হয়। ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় মাহিন্দ্রা স্ট্যান্ডে হামলা চালিয়ে ১৬টি মাহিন্দ্রা ভাঙচুর করেন জেলা যুবদলের সহসভাপতি মাসুদুর রহমানের পক্ষের লোকজন। ভাঙচুরে বাধা দিলে ১০ জন চালককে মারধর করেন হামলাকারীরা। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।