তিন সাংবাদিকের হাত কেটে নেয়ার হুমকি বিএনপি নেতার,সাংবাদিকদের নিন্দা
সংবাদ জমিন ডেস্কঃ
নেত্রকোনায় রাস্তার কাজে অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির এক স্থানীয় নেতা। শুক্রবার (১০ অক্টোবর) বিকালে মদন পৌরসভার দেওয়ানবাজার রোড এলাকায় আয়োজিত মানববন্ধনে এ হুমকি দেন মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন। তার এ বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা নিন্দা জ্ঞাপন করেছেন।
এদিকে মানববন্ধনে দেড় মিনিটের বক্তব্যে চন্দন ওই তিন সাংবাদিকের নাম উল্লেখ করে বলেন, ‘আমি নিন্দা ও প্রতিবাদ জানাই,এই হৃদয়, নিজাম, তোফাজ্জল, তোমরা চাঁদাবাজির চিন্তাভাবনা ছেড়ে ভালো হয়ে যাও। আমরা কিন্তু ভালো মানুষ না খুব একটা, অনেক কিছু পারি। প্রয়োজনে হাত কেটে দেওয়া হবে।’ এই বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের হাততালি ও স্লোগান দিতে দেখা যায় ভিডিওতে।
হুমকির শিকার তিন সাংবাদিক হলেন,কালের কণ্ঠের ফয়েজ আহমেদ (হৃদয়), আমার দেশ পত্রিকার নিজাম উদ্দিন এবং দৈনিক যুগান্তরের তোফাজ্জল হোসেন। তারা জানিয়েছেন, প্রকাশ্যে দেওয়া এমন হুমকি তাদের পেশাগত নিরাপত্তাকে চরমভাবে ঝুঁকির মুখে ফেলেছে।চরম আতঙ্কে ভুগছে ঐ তিন সাংবাদিক ও তাদের পরিবারবর্গ।