নিজস্ব প্রতিনিধি,সংবাদ জমিনঃ
প্রেম করে তরুণী বেঁধেছিলেন ঘর, ঝোপের মধ্যে মিললো বস্তাবন্দি লাশ। পরিবারের অমতে প্রায় দুই বছর আগে বিয়ে করে প্রেমিকের সঙ্গে ঘর বেঁধেছিলেন সায়মা আক্তার মীম (২২)। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক সেতু এলাকার ঝোপের ভেতর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, হত্যার পর লাশ বস্তায় ভরে ঝোপে ফেলে যাওয়া হয়েছে। তার স্বামী পলাতক আছেন।
নিহত সায়মা আক্তার মীম পাবনার সুজানগর থানার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে স্বামীর সঙ্গে থাকতেন। পাশাপাশি স্থানীয় কলাপাতা বার্গার নামে এক রেস্তোরাঁয় কাজ করতেন। তার স্বামী রায়হান পলাতক রয়েছেন।