রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়ায় যা জানালো ভারত
আন্তর্জাতিক ডেস্কঃ
রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পের দাবির প্রতিক্রিয়ায় যা জানালো ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক দাবির জবাবে ভারত জানিয়েছে, তাদের জ্বালানি আমদানি নীতি সম্পূর্ণভাবে ভারতীয় ভোক্তাদের স্বার্থ রক্ষার লক্ষ্যেই পরিচালিত হয়। ট্রাম্প দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত একটি গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস আমদানিকারক দেশ। পরিবর্তনশীল বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতে আমাদের অগ্রাধিকার সবসময় ছিল ভারতীয় ভোক্তাদের স্বার্থ রক্ষা করা। আমাদের আমদানি নীতির মূল উদ্দেশ্যই এই।
তিনি আরও বলেন, স্থিতিশীল জ্বালানি মূল্য ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করাই আমাদের জ্বালানি নীতির দুই প্রধান লক্ষ্য। বাজার পরিস্থিতি অনুযায়ী আমরা জ্বালানি উৎসের বৈচিত্র্য বজায় রাখার চেষ্টা করি।