বিশেষ প্রতিনিধিঃ
বেশিরভাগ সবজির দাম চড়া, মাছ-মুরগী অপরিবর্তিত, হাঁসফাঁস ক্রেতাসাধারণে। দীর্ঘ দিন ধরে চড়া সবজির বাজার। এ সপ্তাহে কয়েকটি সবজির দাম কিছুটা কমছে। তবে অধিকাংশ সবজির দাম এখনও চড়া। গত সপ্তাহের চেয়ে ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়েছে ডিমের দাম। এছাড়া মাছ-মুরগীর দাম অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাক-সবজি। এরই প্রভাবে দীর্ঘ দিন পর কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। কয়েক সপ্তাহ ধরে ১৫০ টাকায় বিক্রি হওয়া গোল বেগুন এখন ১২০ টাকা। ১০০ টাকার লম্বা বেগুনের দাম এখন ৮০ টাকা। দাম কমেছে টমেটো, মিষ্টি কুমড়ো, কচুরমুখী, ঝিঙা ও চিচিঙ্গার। ১৪০ টাকার টমেটো এখন ১২০ টাকা, ৬০ থেকে ৭০ টাকার কচুরমুখী, ঝিঙা ও চিচিঙ্গার দাম এখন ৫০-৬০ টাকা। তবে অপরিবর্তিত অধিকাংশ সবজির দাম। এর মধ্যে গাজর ১৬০ টাকা, শিম ২২০ টাকা, করলা ১০০ টাকা, ঢ্যাঁড়শ ৭০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, পটোল ৭০ টাকা, মুলা ৬০ টাকা, পেঁয়াজ ৮০ টাকা, বরবটি ৭০ টাকা, আলু ২৫ টাকা ও শসা ৮০ টাকায়ে বিক্রি হচ্ছে। এছাড়া কিছুটা বেড়েছে কাঁচা মরিচের দাম। গত সপ্তাহের ১৬০ টাকার কাঁচা মরিচের কেজি এখন ২০০ টাকা।