ভিক্টোরিয়া কলেজের সংঘর্ষে পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া

বিশেষ প্রতিনিধিঃ
পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটছে। এ সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত চার জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) ১২টা ১২ মিনিটে কলেজের কান্দিরপাড়ের উচ্চ মাধ্যমিক শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মাহিন ও রিজভী। তারা কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থী।

জানা গেছে, রবিবার সকালে কলেজে উচ্চ মাধ্যমিক শাখার ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী জিসান ও তাহফিদের সঙ্গে বিজ্ঞান শাখার শিক্ষার্থী তানভীন সিফাতের বাগবিতণ্ডা হয়। এ ঘটনার সময় তাহফিদের ওপর হামলা করে সিফাত এবং জিসানকে মারধরের হুমকি দেয়। পরে তাদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে সিফাত তার বিভিন্ন কলেজে থাকা বন্ধুদের কল দিলে তারাও তার সঙ্গে এসে যোগ দেয়। দুপুর ১২টার কিছু সময় পর কলেজের শিক্ষার্থীরা বের হওয়া শুরু হলে সিফাত ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে দেখা যায়, এক তরুণ হাতে ধারালো রামদা নিয়ে অন্য তরুণদের দৌড়াচ্ছে। এ সময় এক তরুণের হাতে পিস্তল দেখা গেছে। তবে তার চেহারা ভিডিওতে দেখা যাচ্ছিল না। ১২ সেকেন্ডের ওই ভিডিওতে হাতে অস্ত্রসহ দেখা যাওয়া ওই তরুণ সিফাত বলে জানা গেছে। এদিকে ঘটনায় আহত চার জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমান নামে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

শিরোনাম