রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হলো সিআইডি সদস্য

সংবাদ জমিন রিপোর্টঃ
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হলো সিআইডি সদস্য। রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাসেল মিয়া (৩১) নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সদস্য আহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রাসেল মিয়া জানান, তিনি সিআইডিতে কনস্টেবল হিসেবে কর্মরত। তার বাসা কদমতলীর রইসনগর এলাকায়। সোমবার সকালে ফায়ারিং প্রশিক্ষণে অংশ নিতে মোটরসাইকেলে করে মালিবাগের সিআইডি কার্যালয়ে যাচ্ছিলেন। পথে রায়েরবাগ এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় ছিনতাইকারীরা মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এতে ছিনতাইকারীরা তার বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়।

শিরোনাম