বিশেষ প্রতিনিধিঃ
প্রেম করে বিয়ে করায় বরের ছোট ভাইকে কুপিয়ে হ*ত্যা। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বড় ভাই এক তরুণীকে ভাগিয়ে নিয়ে পালিয়ে বিয়ে করায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছেন মেয়েপক্ষের লোকজন।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মন্দরী ইউনিয়নের বলাকীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদেক মিয়া (১৮) ওই গ্রামের লেবু মিয়ার ছোট ছেলে। তার যাওয়ার কথা ছিল নর্থ মেসিডোনিয়ায়, চলছিল যাওয়ার প্রস্তুতি। কিন্তু এর আগেই ঘটে গেলো মর্মান্তিক ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লেবু মিয়ার বড় ছেলে এনায়েত মিয়া একই ইউনিয়নের বলাকীপুর গ্রামের সরাজ মোল্লার মেয়েকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেন। তবে এ বিয়ে মেনে নেননি সরাজ মোল্লা ও তার পরিবার। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
বুধবার বিকালে সরাজ মোল্লার ছেলে রিহাত মিয়াসহ কয়েকজন মিলে এনায়েত মিয়ার ছোট ভাই সাদেক মিয়াকে বাড়ির পাশে পেয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলা হয়েছে।