সাভার প্রতিনিধিঃ
সাভারে আওয়ামীলীগ নেতার হাতে বিএনপি নেতার ভাই খুন। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাভারের নিশান হাউজিংয়ের জমি নিয়ে বিরোধ চলছিল বিএনপি নেতা জহির উদ্দিন বাবুলের সঙ্গে আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের। হাউজিংয়ের নিয়ন্ত্রণ ও জমির ব্যবসা নিয়ে এ বিরোধ দেখা দেয়। গত বুধবার (২২ অক্টোবর) বিকালে বিরোধ মীমাংসার কথা বলে সাভার মডেল থানার ওসি দুজনকে ডেকে নেন। সেখানে শুরু হয় বাবুলের সঙ্গে জাকিরের বাগবিতণ্ডা। শেষ পর্যন্ত বাবুলের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় বাবুলের চাচাতো ভাই আবু সাঈদকে পিটিয়ে হত্যা করা হয়। একইসঙ্গে বাবুলসহ সাত জনকে পিটিয়ে আহত করা হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানিয়েছেন, বুধবার রাত ৮টার দিকে বনগাঁ ইউনিয়নের বেড়াইদ গ্রামে হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হন আবু সাঈদ (৫২)। তিনি বেড়াইদ গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে এবং পেশায় কৃষক ছিলেন। পাশাপাশি বিএনপির রাজনীতি করতেন। এ ঘটনায় সাত জন আহত হন। তারা হলেন–বনগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন বাবুল, তার অনুসারী জাবেদ, হিরু, সল্লিম উল্লাহ, আলিফ, আরাফাত ও নজুমদ্দিন। তাদের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন বলছেন, নিশান হাউজিংয়ের জমি নিয়ে দীর্ঘদিন ধরে জাকির ও বাবুল গ্রুপের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে। প্রভাবশালী জাকিরের পক্ষে কাজ করছে পুলিশ।
তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল উল্লেখ করে ওসি মো. জুয়েল মিয়া আরও বলেন, ‘সেগুলো নিয়ে এর আগেও হামলা-মামলা হামলা হয়েছে। জাকিরের বিরুদ্ধেও আগে মামলা হয়েছে। সেই মামলা আমরা গ্রহণ করেছি, আসামি গ্রেফতারও করেছি।’