বিশেষ প্রতিনিধিঃ
পদ্মাপাড়ে সন্ধান মিললো মিথেন গ্যাসের।রাজশাহীর পদ্মা নদীর পাড়ে মিথেন গ্যাসের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে গত কয়েকদিন ধরে নদীর পানি ও পাড়ের বালু থেকে গ্যাসের বুদবুদ উঠছিল। শনিবার (১ নভেম্বর) বাপেক্সের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মিথেন গ্যাসের উপস্থিতি পান। তারা পরীক্ষার জন্য তিন বোতল গ্যাস সংগ্রহ করেছেন।
বাপেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাপেক্সের ব্যবস্থাপক (জিওলজি) ও ভূতাত্ত্বিক জরিপের দলপ্রধান এসএম নাফিফুন আরহাম, উপ-ব্যবস্থাপক ইমামুল ইসলাম ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপক রাসেল কবীর প্রেমতলীর পদ্মা পাড়ে যান। তাদের সঙ্গে ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।